ইবি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা ও কর্মক্ষেত্রের প্রস্তুতি নিয়ে আলোচনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও কর্মক্ষেত্রের প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দিতে ‘Preparing for Your Career: Employer Expectations & Career Insights’ শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিডিজবস ডটকম লিমিটেডের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘Employer Expectations & Career Insights’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিডিজবস ডটকম লিমিটেডের ডিজিএম মোহাম্মদ আলী ফিরোজের সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান, সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশনের মহাপরিচালক ড. মেহদী হাসান, এনজিও সংস্থা ‘সেতু’র এমএফ কো-অর্ডিনেটর মো. আলাউল আলম এবং রূপালী ব্যাংক পিএলসির এজিএম ও শাখা প্রধান আবুল কালাম আজাদ।
এসময় ‘CV Writing & Career Preparation’ বিষয়ে প্রেজেন্টেশন, Keynote/Career Guidance Presentation এবং Panel Discussion & Interactive Q&A Session অনুষ্ঠিত হয়। এতে বর্তমান চাকরির বাজার, নিয়োগদাতাদের প্রত্যাশা, ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা, সিভি প্রস্তুতির কৌশল, সাক্ষাৎকারের কৌশল এবং কর্মজীবনে সফলতার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেলিস্টরা।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের রক্তদান, বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের দক্ষতা তুলে ধরতে হবে। ভবিষ্যতে যেকোনো দায়িত্ব পেলে সমস্যা সমাধানের সক্ষমতা ও নেতৃত্বের গুণ কাজে লাগাতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রি ও জব মার্কেটের সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধাকে দক্ষ ও স্বয়ংসম্পূর্ণ মানবসম্পদে পরিণত করা।
তিনি আরো বলেন, সরকারি চাকরির প্রতি অতিরিক্ত নির্ভরশীল না হয়ে চাকরি খোঁজার পাশাপাশি চাকরি তৈরির মানসিকতা গড়ে তুলতে হবে। উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান তৈরির সক্ষমতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগের যথাযথ সুফল নিশ্চিত করে জব ক্রিয়েশন, এন্ট্রাপ্রেনারশিপ ও ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
আকিব হাসান
ইসলামী বিশ্ববিদ্যালয়

























