বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ল্যাম্বের এসএওয়াই-এসআরএইচআর ও কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
দিবসটির প্রতিপাদ্য ছিল ‘জীবনে অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন’। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার পারভেজ, ল্যাম্বের টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা এবং সিএসটু প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মনসহ অন্যান্য অতিথি।
বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করা এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে ল্যাম্বের সংশ্লিষ্ট প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারভোগী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

























