শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা প্রকল্পের কর্মশালা
দুর্যোগের পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও সময়োপযোগী মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শেরপুরে প্রতিষ্ঠা প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা।
কর্মশালায় ‘প্রটোকলস অ্যান্ড ট্রিগার-বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ (প্রতিষ্ঠা) প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অংশীজনদের অবহিত করা হয়।
এ সময় দুর্যোগের আগাম পূর্বাভাসের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগকবলিত মানুষের কাছে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতিমূলক কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
























