বগুড়ায় স্কুল শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় আজও মানববন্ধন
বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মো. আবু রায়হানকে লাঞ্ছিতের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে স্কুলের প্রবেশমুখে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষকেরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং শিক্ষকদের পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করেন।
মানববন্ধনে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান বলেন, ২০০৬ সাল থেকে আমরা এই প্রতিষ্ঠানে কাজ করছি। বহু শিক্ষার্থী এখান থেকে প্রতিষ্ঠিত হলেও সাম্প্রতিক ঘটনাটি আমাদের দীর্ঘদিনের অর্জনের ওপর প্রশ্ন তুলে দিয়েছে। সন্তানদের মোবাইল ব্যবহারে সজাগ থাকার পাশাপাশি তারা ঠিকমতো ক্লাসে যাচ্ছে কি না নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য অভিভাবকদের আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ শফিকা আক্তার জানান, শিক্ষকের ওপর এই নির্মম হামলায় শিক্ষক সমাজ আতঙ্কিত। শুধু রায়হান স্যারের ওপর নয় এই হামলা শিক্ষক সমাজের ওপর হামলা। আমরা শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কখনও শাসন করি কিন্তু এই ঘটনায় আমরা নিরাপদ বোধ করছি না।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, হাজার হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে পাশ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। কিন্তুএই ঘটনায় শিক্ষক সমাজ কলঙ্কিত হয়েছে। অভিভাবকেরা সন্তানদের চলাফেরা ও আচরণের প্রতি সযত্ন খেয়াল না রাখলে এমন অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানো কঠিন। প্রাতিষ্ঠানিক ও আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

























