রংপুর-১ আসনে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য রায়হান সিরাজী
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার গঙ্গাচড়া-রংপুর সড়কের আরাজি নিয়ামত (পান্নুর মিল) থেকে শুকান চৌকি পাকা সড়ক পর্যন্ত এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গঙ্গাচড়া উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই আঞ্চলিক উন্নয়ন সম্ভব নয়। এই সড়কটি সংস্কার ও উন্নত হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি এলাকার কৃষি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়নে সড়কটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান, সদর ইউনিয়ন জামায়াতের আমির মনিছুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি ফজলুল হক, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আসাদুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে সংসদ সদস্য এবং উপস্থিত অতিথিরা স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
























