টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
নাফ নদীর তীরে অভিযান, জব্দ মাদক পরিবহনে ব্যবহৃত কাঠের বোট ও দুটি মোবাইল ফোন।
কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার বোট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নাফ নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানটি বিআরএম-৫ সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্টসংলগ্ন এলাকায়।
এসআরবি-১৫ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ও ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক (২৫) ও নুর ফয়সাল (২৫), ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান ওরফে মিজান উদ্দিন (২৪) এবং উখিয়ার থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদ (২৯)।
সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার হওয়া বোট ব্যবহার করে অবৈধ মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা ইয়াবা, বোট ও মোবাইল ফোনসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।



















