আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৮ কারখানায় ছুটি ঘোষণা
ঢাকার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে একটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে কর্মবিরতি ও শ্রমিক অসন্তোষের কারণে আটটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আশুলিয়ার বেরন ছয়তলা এলাকায় শারমিন গ্রুপের একটি কারখানায় আন্দোলনরত শ্রমিকেরা ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ভাঙচুরের ঘটনায় নেক্সট কালেকশন কারখানার এক শ্রমিককে আটক করেছে পুলিশ।
এদিকে, সকালে কারখানায় উপস্থিত হয়েই কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় নেক্সট কালেকশন, স্টার্লিং স্টাইল, স্টার্লিং ক্রিয়েশন, সেতারাসহ মোট আটটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে বিজিবি, এপিবিএন, শিল্পাঞ্চল পুলিশ ও থানা পুলিশের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
আটকের বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ওই শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হবে।




















