আইসিজের রায়ের পর আনন্দে কাঁদলেন রোহিঙ্গারা, নিজ দেশে ফেরার স্বপ্ন
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার দায় দেশটির ওপর চাপিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়ের পর আনন্দে কেঁদেছেন কক্সবাজারের শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। কেউ স্বজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন, কেউ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আবার কেউ পরিবার ও বন্ধুদের সঙ্গে বসে শুনেছেন রায়ের খবর।
দীর্ঘদিনের নির্যাতন, নিপীড়ন ও বাস্তুচ্যুতির পর এই রায়কে নিজেদের ভোগান্তির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন রোহিঙ্গারা। একই সঙ্গে নতুন করে স্বপ্ন দেখছেন, এবার হয়তো নিজ মাতৃভূমিতে নিরাপদে ফেরার পথ খুলবে।
কক্সবাজারের ১-ই ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে বসে মোবাইল ফোনে রায়ের খবর দেখছিলেন রোহিঙ্গা নারী উম্মে রুমান। বিকেল থেকেই আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলেন তিনি। ইন্টারনেটের ধীরগতির কারণে সরাসরি সম্প্রচার বারবার বন্ধ হয়ে গেলেও পরে ফেসবুকে রায়ের শিরোনাম দেখতে পান। খবরটি দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। রান্না করতে থাকা ভাবিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
রুমান বলেন, ‘আনন্দে আমার চোখে পানি চলে এসেছিল। কারণ, এই প্রথম বিশ্ব স্বীকার করল, আমাদের সঙ্গে কী ঘটেছিল।’
বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায় দেশটির ওপর আরোপ করে ঐতিহাসিক রায় দেন। আদালতের পর্যবেক্ষণে ওই অভিযানে ১০ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার বিষয়টিও উঠে আসে।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় এ রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বছরের পর বছর ধরে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসা মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহির পথ আরো জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রুমান বলেন, ‘আমার কাছে এটি শুধু একটি আইনি রায় নয়। এটি আমাদের ভোগান্তির প্রমাণ।’
শরণার্থীশিবিরের বিভিন্ন ব্লকে মোবাইল ফোন, ল্যাপটপ ও বড় পর্দায় রায়ের খবর অনুসরণ করেন রোহিঙ্গারা। ১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান কমিউনিটি শিক্ষক ও বন্ধুদের সঙ্গে একটি ল্যাপটপে রায়ের খবর দেখেন। তিনি জানান, রায়ের খবর শুনে অনেক নারী কেঁদেছেন, কেউ কেউ আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।
রেহান বলেন, ‘আমি আশা করছিলাম, এমন কোনো সুসংবাদ পাব, যা ভবিষ্যতে আমাদের শান্তিপূর্ণ জীবন এনে দেবে।’
রায়ের পর তার মনে প্রথম যে আশার সঞ্চার হয়েছে, তা হলো—হয়তো এবার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি হবে। মাকে খবরটি জানালে তিনিও আনন্দিত হন। রেহানের ভাষায়, ‘মা বলছিলেন, আমরা জিতেছি। এবার আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারব।’
তবে রায়ের আনন্দের মধ্যেও শরণার্থীশিবিরের কঠিন বাস্তবতা বদলায়নি। বৃহস্পতিবার বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণিঝড় আকভান এগিয়ে আসার সময় কক্সবাজারের শিবিরগুলোতে বৃষ্টি হচ্ছিল। এতে গাদাগাদি করে তৈরি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী পরিবারগুলোর দুর্ভোগ আরো বেড়ে যায়।
রোহিঙ্গা তরুণ নুরুল আমিন বলেন, আদালতের রায়ে গণহত্যার স্বীকৃতি পেয়ে তিনি আনন্দিত হলেও ২০১৭ সালের ভয়াবহ স্মৃতিগুলো আবারও মনে পড়ে গেছে।
তিনি বলেন, ‘আমি খুশি হয়েছিলাম। কিন্তু একই সঙ্গে ২০১৭ সালে আমাদের সঙ্গে কী ঘটেছিল, তা মনে পড়ছিল। ভয়াবহ সামরিক অভিযান, আমার ওপর চালানো নির্যাতন এবং যে বাড়ি ছেড়ে আমাকে চলে আসতে হয়েছিল, সেসব স্মৃতি মনে পড়ছিল।’
রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহর কাছেও রায়টি ছিল আবেগঘন মুহূর্ত। তার মতে, এই সিদ্ধান্ত স্বস্তি ও নতুন আশার জন্ম দিলেও হারিয়ে যাওয়া স্বজনেরা আর ফিরে আসবেন না। অতীতের বেদনাদায়ক স্মৃতিও মুছে যাবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ভুক্তভোগীদের দৃষ্টিকোণ থেকে বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আইসিজের এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘একবিংশ শতাব্দীতে আমরা উদার গণতন্ত্র, বিশ্বায়ন ও বৈশ্বিক ন্যায়বিচারের কথা বলি। অথচ আমাদের চোখের সামনে এত বড় একটি গণহত্যা সংঘটিত হয়েছে। বৈশ্বিক ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠার জন্য এই রায় ছিল অত্যন্ত জরুরি।’
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান মনে করেন, এ রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের কাছ থেকে আরও জোরালো নিশ্চয়তা আদায় করতে হবে বাংলাদেশকে। প্রত্যাবাসনের ক্ষেত্রে রোহিঙ্গাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
আলজাজিরাকে তিনি বলেন, ‘এই রায়ের প্রভাব বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার গতিপ্রকৃতিতেও পড়বে। কারণ, এখন একটি আন্তর্জাতিক আদালত বলেছে, রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন।’
রোহিঙ্গাদের প্রত্যাশা, শুধু গণহত্যার স্বীকৃতি নয়, এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনা হবে। ফিরিয়ে দেওয়া হবে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার। নিশ্চিত করা হবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।
নুরুল আমিন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শুধু রোহিঙ্গাদের মানবিক সংকটের দিকে নজর না দিয়ে তাদের বাস্তুচ্যুত হওয়ার পেছনের রাজনৈতিক কারণগুলোও সমাধানে উদ্যোগী হওয়া। মিয়ানমারে স্বাধীনতা, গণতন্ত্র, বৈষম্যের অবসান এবং সামরিক স্বৈরশাসনের অবসান চান তারা।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই রায়ের মধ্য দিয়ে আরও বড় কিছু ঘটবে। আমরা যেন শেষ পর্যন্ত নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে মাতৃভূমিতে ফিরতে পারি।’


























