৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করার দায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। তৃণমূলের সাংগঠনিক বিভক্তি দূর করা, স্থানীয় পর্যায়ের কোন্দল নিরসন এবং দলকে ঐক্যবদ্ধ করতেই এ উদ্যোগ নিয়েছে দলটির হাইকমান্ড। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি।
দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে কেন্দ্র থেকে তারা চিঠি পাবেন। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে ভূমিকা রাখার অভিযোগে বহিষ্কৃত তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। তবে প্রত্যেকের অতীত রাজনৈতিক ভূমিকা, দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক অবদান এবং স্থানীয় বাস্তবতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের অনেকেরই নিজ নিজ এলাকায় দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ও শক্তিশালী অনুসারী রয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বহিষ্কার করা হলেও নির্বাচনের পরও এসব নেতার সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশ সক্রিয় রয়েছে। ফলে বহিষ্কৃত নেতাদের কেন্দ্রীয়ভাবে দল থেকে বিচ্ছিন্ন করা গেলেও স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব পুরোপুরি কমেনি।
এসব নেতার বহিষ্কারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে নতুন করে গ্রুপিং, কোন্দল ও বিভক্তি তৈরি হয়েছে। অনেক এলাকায় সংসদ সদস্য ও দলীয় প্রার্থীর অনুসারীদের সঙ্গে বহিষ্কৃত নেতাদের অনুসারীদের দূরত্ব বাড়ছে। দলীয় কর্মসূচিও পালিত হচ্ছে পৃথকভাবে। এর সর্বশেষ প্রকাশ দেখা গেছে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে। বিভিন্ন এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও তার অনুসারীদের কর্মসূচির বাইরে গিয়ে বহিষ্কৃত নেতারা পৃথক কর্মসূচি পালন করেন। কোনো কোনো এলাকায় বহিষ্কৃত নেতাদের কর্মসূচিতে সাধারণ নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি হাইকমান্ডের নজরে এসেছে। এতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ঐক্য ও নির্বাচনী ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভুল স্বীকার করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করা নেতাদের পর্যায়ক্রমে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যোগ্যতা ও অতীত সাংগঠনিক অবস্থান বিবেচনায় তাদের আগের পদ-পদবিও ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে দল।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বহিষ্কৃত নেতাদের আবেদনের বিষয়গুলো ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত নেতারা যাচাই-বাছাই করছেন। যাদের আবেদন প্রক্রিয়া যথাযথ এবং অতীতে দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক অবদান রয়েছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। এ প্রক্রিয়ায় শুধু বিদ্রোহী প্রার্থী নন, অন্য নেতারাও দলে ফেরার সুযোগ পাবেন। সংখ্যা বিবেচনায় নয়, অতীত অবদান বিশ্লেষণ করে দলকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করতেই হাইকমান্ড এ উদ্যোগ নিয়েছে। সংখ্যাটি কয়েক শও হতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।মনিরুলকে ফিরিয়ে শুরু প্রক্রিয়া
বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে বিএনপি জোটের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
মনিরুল ইসলামের বিষয়ে রিজভী বলেন, মনিরুল এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সংগঠন ও আন্দোলন-সংগ্রাম মিলিয়ে তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা। হয়তো জোটের কারণে সেখানে তাকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তার বিষয়টি চেয়ারম্যান বিবেচনা করেছেন।
এর আগে গত আগস্টে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্র। সর্বশেষ মঙ্গলবার মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া আরও দৃশ্যমান হয়েছে।
নিরবকে ঘিরেও আলোচনায় প্রত্যাবর্তনের বার্তা
বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর আলোচনার মধ্যে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবের উপস্থিতিও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান।
সাইফুল আলম নিরব বলেন, ‘দলে আমার পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক—আমি বিএনপিতে আছি, বিএনপিতেই থাকব।’ তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করেই তিনি বিএনপি করেন। নির্বাচনের পরও দলের সব কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি পালন করছেন। তিনি আশা করেন, দল বিষয়টি বিবেচনা করবে।
বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজনই নির্বাচিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন। তারা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এ ছাড়া বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঐক্যের তাগিদ
জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ, ভোটের মাঠে বিদ্রোহ এবং পরবর্তী বহিষ্কারের ক্ষত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্ষমতায় ফিরলেও তৃণমূলে দলটির পূর্ণাঙ্গ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। বরং জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বহিষ্কৃত অনেক নেতা এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফিরতে না পারলে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।
























