অগ্ন্যাশয়ের ক্যান্সার চিকিৎসায় নতুন ওষুধে বড় সাফল্যের আশা
অগ্ন্যাশয়ের ক্যান্সার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা তৈরি করেছে নতুন একটি ওষুধ। ডারাক্সনরাসিব (Daraxonrasib) নামের দৈনিক সেবনযোগ্য বড়ি কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পেয়েছেন গবেষকেরা। কয়েকজন রোগীর শরীরে ক্যান্সারের টিউমার এমন পর্যায়ে ছোট হয়েছে, যা প্রচলিত স্ক্যানেও শনাক্ত করা যায়নি।
চিকিৎসকেরা বলছেন, প্রাণঘাতী ও চিকিৎসায় কঠিন এই ক্যান্সারের বিরুদ্ধে নতুন ওষুধটি আশার আলো দেখাচ্ছে। তবে এটিকে এখনই ক্যান্সারের নিরাময় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
প্রাথমিক পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষায় ৬১ জন রোগী অংশ নেন। তাঁদের প্রায় ৯০ শতাংশের ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। অন্যদিকে প্রতি ১২ জনে একজনের শরীরে সিটি স্ক্যানে ক্যান্সারের কোনো অস্তিত্ব শনাক্ত করা যায়নি।
পরীক্ষায় অংশ নেওয়া সব রোগীরই অগ্ন্যাশয়ের ক্যান্সার উন্নত পর্যায়ে ছিল এবং তা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল। গড়ে দেড় বছর ধরে তাঁদের পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময় কয়েকজন রোগীর শরীরে ক্যান্সার ফিরে আসার লক্ষণও দেখা যায়নি।
যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকে এই ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যান্সার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।
সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বলেন, নতুন ওষুধটি এমন একটি প্রোটিনকে লক্ষ্য করে কাজ করতে সক্ষম হচ্ছে, যেটিকে এত দিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে করা হতো।
যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টারের চিকিৎসক উংকি পার্ক বলেন, নতুন চিকিৎসায় শুধু টিউমার ছোট হওয়ার হারই বাড়ছে না, বরং রোগ নিয়ন্ত্রণে রাখার সময়ও প্রায় দ্বিগুণ হচ্ছে। ভবিষ্যতে এই চিকিৎসা রোগীদের আয়ু বাড়াতে সহায়তা করতে পারে।
যেভাবে কাজ করে নতুন ওষুধ
ডারাক্সনরাসিব মূলত আরএএস (RAS) নামের জিনগত পরিবর্তনকে লক্ষ্য করে কাজ করে। অগ্ন্যাশয়ের অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে এই জিনগত পরিবর্তন টিউমারের বৃদ্ধি ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ওষুধটি আরএএস প্রোটিনের কার্যক্রম বাধাগ্রস্ত করে ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে।
গবেষকদের আশা, অগ্ন্যাশয়ের ক্যান্সারের পাশাপাশি ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যান্সারসহ যেসব রোগে একই ধরনের জিনগত পরিবর্তন ভূমিকা রাখে, সেসব ক্যান্সারের চিকিৎসাতেও ওষুধটি কার্যকর হতে পারে।
এখনো প্রয়োজন দীর্ঘমেয়াদি গবেষণা
প্রাথমিক পরীক্ষার ফল আশাব্যঞ্জক হলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ওষুধকে এখনই ক্যান্সার নিরাময়ের চিকিৎসা বলা যাবে না। দীর্ঘমেয়াদি গবেষণা ও বড় পরিসরের ক্লিনিক্যাল পরীক্ষা প্রয়োজন।
চিকিৎসকদের মতে, সিটি স্ক্যানে ক্যান্সারের অস্তিত্ব শনাক্ত না হলেও শরীরে ক্যান্সার কোষ সম্পূর্ণ নির্মূল হয়েছে, এমন নিশ্চয়তা দেওয়া যায় না। তাই চিকিৎসার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও রোগীদের বেঁচে থাকার হার পর্যবেক্ষণ করা জরুরি।
অগ্ন্যাশয়ের ক্যান্সার বিশ্বজুড়েই অন্যতম প্রাণঘাতী ক্যান্সার। যুক্তরাষ্ট্রে প্রতিবছর এ রোগে প্রায় ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়। যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১১ হাজার ৫০০ মানুষের শরীরে এ রোগ শনাক্ত হয় এবং মারা যান প্রায় ১০ হাজার ২০০ জন।
নতুন ওষুধটির পরীক্ষায় পাওয়া ফল তাই অগ্ন্যাশয়ের ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার পাশাপাশি বিশ্বজুড়ে আক্রান্ত রোগীদের জন্যও আশার বার্তা দিচ্ছে।
সূত্র: বিবিসি

























