তিন দিনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫৯৮
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জেলায় নাশকতার খবর পাওয়া গেছে। এর মধ্যে সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে আগুন দেওয়ার চেষ্টা, চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং সুনামগঞ্জে যুবদল নেতার মার্কেটে আগুন দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য।
এদিকে গত তিন দিনে রাজনৈতিক সহিংসতায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে নড়াইলে বিএনপির দুই নেতাকর্মী, সিরাজগঞ্জে আওয়ামী লীগের একজন এবং পিরোজপুরে অগ্নিসংযোগের ঘটনায় বাসচালকের এক সহকারী রয়েছেন।
দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি স্থাপনা, রাজনৈতিক নেতাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ জেলায় নাশকতার তথ্য পাওয়া যায়।
এ পরিস্থিতিতে নাশকতা ও সহিংসতার প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামী বিভিন্ন জেলায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। অন্যদিকে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মীসহ মোট ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের বিভিন্ন জেলায়ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুনের চেষ্টা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের ফটকে গতকাল শুক্রবার ভোরে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাগজজাতীয় বস্তু ব্যবহার করে ফটকে আগুন ধরানোর চেষ্টা করা হয়। এ সময় বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রাজিক আহমদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদী বলেন, বাসায় আগুন লাগেনি এবং কেউ ভেতরেও প্রবেশ করেনি। দুর্বৃত্তরা যাওয়ার সময় বোমাসদৃশ কিছু ফেলে গেছে।
বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট। পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না।
সীতাকুণ্ডে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বাড়ির সামনে থাকা একটি গাড়িতেও আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, রাত ২টার দিকে একাধিক ককটেল বিস্ফোরণের পর অস্ত্রধারীরা বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির দারোয়ান আলাউদ্দিনকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। হামলাকারীরা নিজেদের পরিচয় জানিয়ে তাঁকে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।
সাবেক এমপির ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ ঘটনার তথ্য জানান। তবে সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন।
বাগেরহাট ও সুনামগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতার করাতকল ও বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিনের স-মিলে আগুন দেওয়া হয়। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়েও আগুন দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাগেরহাট সদর থানার ওসি শামসুল আরেফিন জানান, ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে সুনামগঞ্জের জামালগঞ্জ বাজারে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মার্কেটে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আগুন দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়িতে আগুনের চেষ্টা
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া গ্রামে বাড়ির প্রবেশগেটে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বেলকুচি থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান, বাড়ির সীমানার গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১২টার দিকে পার্কিংয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হননি।
নৈরাজ্যবিরোধী কর্মসূচিতে বিএনপি ও জামায়াত
দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতারা। শুক্রবার জুমার নামাজের পর সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। এতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে নতুন করে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
সুনামগঞ্জেও নৈরাজ্যবিরোধী বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরোনো বাসস্টেশন থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
অন্যদিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও, পাঁচলাইশ, বাকলিয়া, বন্দর ও হালিশহর এলাকায় পাঁচটি পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশে নেতারা অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রাজধানীতে আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫৯৮
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মীসহ মোট ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মী রয়েছেন। লালবাগ এলাকা থেকে মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু, যুবলীগ নেতা জালাল উদ্দিন, আপেল মাহমুদ ও এ বি এম টিটুকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া শ্যামলীতে চেকপোস্টে চারটি তাজা ককটেলসহ মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামার সংকেত দিলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে রাসেলকে আটক করে তাঁর কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশের নিয়মিত অভিযানে আরও ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪৮টি মামলা হয়েছে।
বিভিন্ন জেলায় গ্রেপ্তার অভিযান
রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কলিমহর ইউনিয়নের মাশালিয়া গ্রামের বাড়ি থেকে শহিদ মণ্ডল ও তাঁর ছেলে রোকনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শহিদ মণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী এবং তাঁর ছেলে রোকনুজ্জামান ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক।
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি পিস্তল ও পাঁচটি গুলিসহ সাগর দেবনাথ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মো. বাদল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।
ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর মামলার পলাতক আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গুলিবর্ষণ ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে ১০টির বেশি মামলার আসামি যুবলীগ নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে সোনাগাজী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক
অবরোধের কারণে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলের চার জেলার সঙ্গে ঢাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছ ফেলে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরের সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরিবহন-সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে অবরোধ সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
























