ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ ও হাসপাতাল স্থাপিত হচ্ছে : প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। বিদেশ থেকে দেশে ফেরা কিংবা বিদেশগামী কোনো প্রবাসী বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত প্রাথমিক চিকিৎসা পান, সে লক্ষ্যেই হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের যাতায়াত ও বিমানবন্দরে অবস্থানের সময় বাড়তি সুবিধা দিতে বিশেষ লাউঞ্জও করা হবে।
২৪ নভেম্বর সিলেট নগরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ পরিকল্পনার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য একটি বিশেষ লাউঞ্জ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেখানে হাসপাতাল করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। কোনো প্রবাসী বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ জীবিকার প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। তাদের অনেকেই দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন। বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ ও চিকিৎসাসুবিধা চালু হলে তাদের যাত্রা ও অবস্থানের সময় কিছুটা বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।
তবে প্রস্তাবিত লাউঞ্জ ও হাসপাতাল কবে নাগাদ স্থাপন করা হবে, কোথায় এগুলো নির্মিত হবে এবং এর জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে, সে বিষয়ে মন্ত্রী বিস্তারিত জানাননি।
এদিকে আগামী ২৫ নভেম্বর থেকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ফ্লাইট শুরু হবে বলেও জানান প্রবাসীকল্যাণমন্ত্রী। বিদেশগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার নামে সরকারি অনুমোদন ছাড়া অনিয়ম ও বাণিজ্য না করার বিষয়ে সতর্ক করেন তিনি।
মতবিনিময় সভায় মন্ত্রী দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।























