বিএনপি করায় গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করায় চারটি হিন্দু পরিবারের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও পোল্ট্রি ফার্মে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর কর্মসূচি চলাকালে পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাইশুর গ্রামে প্রবেশ করে। এ সময় তারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত চারটি হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
হামলায় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। একই ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি ফার্মে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরেও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে ক্ষিরোদ বিশ্বাস অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ঘটনার পর থেকে চারটি পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কাশিয়ানী থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ঘটনার দিন কাশিয়ানীর পরিস্থিতি উত্তাল ছিল। ওই দিন পুলিশ সদস্যরা থানা থেকে বের হতে পারেননি। এমনকি ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে যেতে পারেননি।
তিনি আরও বলেন, হাইশুর গ্রামে চারটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি ফার্মে ভাঙচুরের ঘটনার কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।


























