রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরাম কমিটি অনুমোদন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’-এর সাংগঠনিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি অনুমোদন করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত এই কমিটিতে শেখ ফয়সালকে আহ্বায়ক এবং মো. আশিক ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন মো. নাজমুল খান, মোছা. জান্নাতুল নাঈম বাঁধন এবং আলহাজ্ব আহসান।
বিজ্ঞপ্তিতে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটিকে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ২৪(ঙ) ধারা অনুযায়ী আহ্বায়ক পর্ষদের কার্যক্রম সন্তোষজনক হলে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ শাখা কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হবে।
নবনির্বাচিত আহ্বায়ক শেখ ফয়সাল বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে মুন্নী আপু ও শাহেদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে আমি এই জায়গায় কাজ করার জন্য মনোনীত হয়েছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে সদা প্রস্তুত থাকব। সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে পারব বলে আমি আশাবাদী। তরুণদের মেধা, মনন, সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে আমাদের এই সম্মিলিত পথচলা অর্থবহ হোক—সবার কাছে সেই সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।”
সদস্য সচিব মো. আশিক ইসলাম বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বিশেষ কৃতজ্ঞতা জানাই মুন্নী আপু ও শাহেদ ভাইয়ের প্রতি, যাদের নিরলস পরিশ্রম, আস্থা ও সহযোগিতা আমাকে এই দায়িত্বের জায়গায় পৌঁছাতে অনুপ্রাণিত করেছে। আমি মনে করি, কোনো দায়িত্ব কেবল একটি পদবি নয়; বরং এটি বিশ্বাস ও কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার একটি সুযোগ। সবার সম্মিলিত চিন্তা ও সহযোগিতার মধ্য দিয়ে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখাকে একটি কার্যকর ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। তরুণদের চিন্তাশক্তিকে শাণিত করা, যুক্তিনির্ভর লেখনীকে উৎসাহিত করা এবং সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে কলমকে শক্তিশালী হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য। পদবির পরিচয়ের চেয়ে কাজের পরিচয় বড় হোক—এই পথচলায় সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

























