পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে আট এলাকায় ঋণ অনুমোদন এডিবির
দেশের আটটি শহরে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু-সহনশীল পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক প্রকল্পটির আওতায় দেশের প্রধান অর্থনৈতিক প্রবৃদ্ধি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত পৌরসভা ও নগর এলাকায় সমন্বিত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে।
প্রকল্পটির মাধ্যমে উপকৃত হবেন কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরের প্রায় ৯ লাখ মানুষ।প্রকল্পটি এডিবির সহায়তাপুষ্ট ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগ এবং উন্নত জনসেবা প্রদান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও টেকসই আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারমূলক নীতি বাস্তবায়নে সহায়তা করবে।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর জিংফেং ঝাং বলেন, ‘জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং একটি উৎপাদনশীল ও সহনশীল সমাজ গঠনের জন্য নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা মৌলিক উপাদান। এই প্রকল্পে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের পাশাপাশি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, ডিজিটাল ব্যবস্থা চালু এবং টেকসই সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্ধনশীল শহরগুলোতে উন্নত সেবা দিতে সাহায্য করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে।





















