নবাবগঞ্জে ডোবার পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জে ডোবার পানিতে পড়ে মোছাঃ মানহা জান্নাত সুবা (১ বছর ৫ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের আজমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানহা জান্নাত সুবা ওই গ্রামের মো. মুকারাম হোসেন ও মোছাঃ শারমিন আক্তারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আশপাশে কয়েকজন শিশু খেলতে যাওয়ার সময় তাদের পেছনে পেছনে যায় শিশু সুবা। একপর্যায়ে পা পিছলে সে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার জেঠাতো ভাই তাকে পানিতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



























