বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে রেজিস্ট্রি করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
বিয়ের আগে বর-কনের বয়স যাচাই এবং অনুষ্ঠানে কাবিননামা হস্তান্তরের নির্দেশ
যৌতুক ও বাল্যবিয়ের রেজিস্ট্রি করলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রার (কাজি)দের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেছেন, বিয়ের আগে বর-কনের সঠিক বয়স যাচাই-বাছাই করে আইন অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করতে হবে। পাশাপাশি বিয়ের অনুষ্ঠানেই বর-কনের হাতে কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এসব নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ভালো পোশাক কিংবা সুন্দর চেহারার মাধ্যমে মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বর্তমানে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অবকাঠামোর পাশাপাশি মানুষের মানবিক মূল্যবোধ ও নৈতিকতার উন্নয়ন ঘটাতে হবে। তাহলেই উন্নয়ন সার্থক হবে এবং গড়ে উঠবে আলোকিত লালমনিরহাট। এ লক্ষ্যেই সামাজিক আন্দোলনের পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ নামে সামাজিক আন্দোলনটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা এ আন্দোলনের লক্ষ্য ও কার্যক্রম দেখতে লালমনিরহাটে এসেছেন। তাঁরা এ উদ্যোগের কার্যক্রম দেখে অভিভূত হয়েছেন এবং নিজ নিজ জেলায় তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অনেক সময় অর্থের পরিমাণ দেখে মসজিদের সভাপতি নির্বাচন করা হয়, কিন্তু সেই অর্থের উৎস যাচাই করা হয় না। ঘুষ কিংবা মাদক ব্যবসার টাকায় দান করে সামাজিক প্রশংসা পেলেও তা নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না। মাদক গ্রহণ করে আবার নামাজ পড়ার মাধ্যমে প্রকৃত নৈতিকতা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সমাজকে মাদকসহ সব ধরনের অপরাধ থেকে মুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকে নিজের বিবেককে পাহারাদার হিসেবে গড়ে তুলতে হবে। নিজের বিবেকই সবচেয়ে বড় পাহারাদার। বিবেক জাগ্রত থাকলে মানুষ অপরাধের পথে ধাবিত হবে না। ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের সঙ্গে যুক্ত কেউ মাদকসেবী হলে তাঁকে স্বেচ্ছায় সংগঠন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস এবং আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।
অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে ‘আলোকিত লালমনিরহাট’-এর পোশাক বিতরণ করেন মন্ত্রী। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
























