মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা, তালিম-তরবিয়াত ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ।
কুমিল্লার মুরাদনগরে কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘তাদরীবুল মুআল্লিমীন’ অনুষ্ঠিত হয়েছে। এতে মুরাদনগর ও বাঙ্গরা বাজার উপজেলার কওমি মাদরাসাগুলোর সহস্রাধিক শিক্ষক অংশ নেন।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাদনগরের জামে মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাদনগরের মহাপরিচালক ও শায়খুল হাদিস মুফতি আমজাদ হোসাইন।
প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব আল্লামা মাহফুজুল হক
শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে আল্লামা মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠদান করাই শিক্ষকের মূল দায়িত্ব নয় সঠিক তালিম ও তরবিয়াতের মাধ্যমে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষকের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও পরিশ্রম বৃদ্ধিতে উৎসাহ প্রদান, শাসন পদ্ধতির সঠিক প্রয়োগ এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা আব্দুর রশীদ তারেকসহ স্থানীয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। বক্তারা দ্বীনি শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী এ কর্মশালায় মুরাদনগর ও বাঙ্গরা বাজার এলাকার সহস্রাধিক কওমি মাদরাসা শিক্ষকের উপস্থিতিতে আয়োজনটি বড় পরিসরের দ্বীনি সমাবেশে পরিণত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা এ ধরনের আয়োজন শিক্ষাদান পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

























