স্থানীয় নির্বাচনে ক্লিন ইমেজ ও জনসম্পৃক্ত নেতাদের গুরুত্ব: ওয়াদুদ ভূঁইয়া
আগামী স্থানীয় নির্বাচনে বিভিন্নভাবে বিতর্কিত ও কলঙ্কিত ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
তিনি বলেছেন, “যারা ইতিমধ্যে বিভিন্নভাবে কলঙ্কিত হয়ে গেছেন, আমরা তাদের মনোনয়ন দিতে পারব না। যারা মানুষের গাছ কেটে ফেলছে, বাগান কেটে ফেলছে—এমন নেতাকেও আমরা দিতে পারব না। বড় নেতা, কিন্তু জনসম্পৃক্ততা নেই—তাদেরও মনোনয়ন দেওয়া হবে না। নেতা ছোট, কিন্তু জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা আছে—তাদের আমরা সমর্থন দেব।”
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে খাগড়াছড়ির রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলোচনা শুরু করতে হবে। দলে যোগ্য ব্যক্তি না পাওয়া গেলে দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয়—এমন ব্যক্তিকেও সামনে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, “যদি দলে যোগ্য ব্যক্তি পাওয়া না যায়, তাহলে যিনি কোনো দল করেন না, কিন্তু জনগণ তাকে ভালোবাসে এবং তার জনসম্পৃক্ততা আছে, তাকে তুলে আনতে হবে এবং তাকেই সমর্থন দিতে হবে। তারপরও অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না।”
উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রব রাজা, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ।
মতবিনিময় সভায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















