গজারিয়ায় নিউ হোপ কোম্পানিতে শ্রমিকের মৃত্যু, স্বজনদের অভিযোগ ‘মারধরের পর’ মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে নিউ হোপ নামে একটি শিল্প প্রতিষ্ঠানে মো. বিল্লাল হোসেন (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে স্বজনদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তারা অভিযোগ করেছেন, মৃত্যুর আগে বিল্লাল হোসেনকে মারধর করা হয়েছিল। নিহত বিল্লাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাকাশি ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ প্রায় সাত বছর ধরে ওই প্রতিষ্ঠানে ডে-লেবার হিসেবে কাজ করতেন। নিহতের স্ত্রী আখি আক্তারের অভিযোগ, তার স্বামীর কান কাটা, পায়ে আঘাত এবং মাথা রক্তাক্ত অবস্থায় তিনি দেখতে পান। শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।
তবে এসব অভিযোগের বিষয়ে নিউ হোপ কোম্পানির কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ম্যানেজারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
























