ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় একটি ফার্মেসিতে চুরির ঘটনায় তিন চোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন সরাসরি চুরির সঙ্গে জড়িত এবং অপরজন চুরি যাওয়া ওষুধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া কিছু ওষুধ এবং মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে গোবিন্দনগর বিসিক এলাকার সৌহার্দ ফার্মেসিতে চুরির ঘটনা ঘটে। ওই রাতে দুর্বৃত্তরা ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন ধরনের ওষুধ ও নগদ টাকা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ফার্মেসির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করা হয়।
এরই ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন চোর ও চুরি হওয়া ওষুধের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া কিছু ওষুধ এবং পরিবহনে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চুরি চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামালের একটি অংশ উদ্ধারে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


























