ফকিরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য’র মরদেহ উদ্ধার
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাগলা দেয়াপাড়া গ্রামে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেখ মুজিবুর রহমানের উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই বসতঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে মুজিবুর রহমানকে খাটের উপর মৃত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওই ইউপি সদস্য মুজিবুর রহমানকে শেষ বার দেখেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারনা করা হচ্ছে গত ৩ দিনের যে কোন সময় তিনি মারা গেছেন।
জানা গেছে, মৃত মুজিবর রহমানের স্ত্রী ও ছেলে মারা গেছেন অনেক আগে। এক মেয়ে সে তার স্বামীর বাগিতে থাকেন। ছেলের একমাত্র মেয়ে মিতুও স্বামীর বাড়িতে বসবাস করেন। ফলে ঐ বাড়িতে তিনি একা বসবাস করতেন বলে জানান স্থানীয়রা।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কিভাবে মারা গেছে ময়না তদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। তবে মরদেহ দেথে প্রাথমিক ধারনা করছেন তিনি আরো ২/৩দিন আগে মারা গেছেন।























