শার্শায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শার্শার বাগাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের ছেলে মো. আমিনুর রহমান (৪১) এবং গোপীনাথপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে মো. মহিন ইসলাম (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এর অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাগাডাঙ্গা গ্রামের আমিনুর রহমানের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপীনাথপুর গ্রামের একটি দোকানের সামনে থেকে মহিন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২-এর মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি। মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার আমিনুর রহমান বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিন ইসলাম ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শার্শা থানা পুলিশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


























