মানবতার সেবায় পটিয়া ব্লাড ফাউন্ডেশন: পটিয়ায় দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপিং সম্পন্ন
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ ঢাকা হিউম্যানিটি স্টার-এর সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন!
পটিয়ার পাইরোল লায়ন আলহাজ্ব নাসির উদ্দিন চৌধুরী চক্ষু ও ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় এলাকার শিশু, কিশোর, যুবক ও প্রবীণসহ সর্বস্তরের সাধারণ মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ও উৎসাহের সাথে অংশগ্রহণ করেন এবং তাঁদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীর জন্য সঠিক সময়ে রক্ত সংগ্রহ করা একটি বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের মাঝে রক্তের গ্রুপ জানার সচেতনতা তৈরি করতে পটিয়া ব্লাড ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
মানবতার কল্যাণে পটিয়া ব্লাড ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রম:শুধু বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ই নয়, প্রতিষ্ঠার পর থেকেই পটিয়া ব্লাড ফাউন্ডেশন পটিয়ায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:জরুরি রক্ত সরবরাহ: মুমূর্ষু রোগীদের জন্য ২৪ ঘণ্টা স্বেচ্ছায় রক্তদাতাদের মাধ্যমে রক্তের ব্যবস্থা করা। বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা: পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও চারা বিতরণ।
দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সহায়তা: সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সহায়তা প্রদান।
সচেতনতামূলক প্রচারণা: যুবসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন।বিনামূল্যে স্বাস্থ্য সেবা: নিয়মিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করা এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা।
সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ জানান, পটিয়া ব্লাড ফাউন্ডেশন সবসময়ই মানবতার সেবায় নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে সাথে নিয়ে আগামীতেও এই ধরণের জনকল্যাণমূলক ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে এ মহতী কর্মসূচিতে যাঁরা উপস্থিতি, শ্রম ও সার্বিক সহযোগিতা দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তাঁদের সকলের প্রতি পটিয়া ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


























