বুড়িমারী সীমান্তে আলো নিভিয়ে পুশইনচেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ও স্থানীয় জনতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ৪ নভেম্বর রাতের অন্ধকারে কৃত্রিম আলো নিভিয়ে অবৈধভাবে পুশইনের (বাংলাদেশে ঠেলে পাঠানো) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত ও কঠোর অবস্থানের কারণে বিএসএফের সেই অপতৎপরতা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সীমান্তের ওপারে হঠাৎ করেই সার্চলাইটের আলো বন্ধ করে দেয় বিএসএফ সদস্যরা। সম্পূর্ণ অন্ধকারকে পুঁজি করে কিছু লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর গোপন পাঁয়তারা করছিল তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা সতর্ক হয়ে ওঠেন এবং আশপাশের লোকজনকে খবর দিয়ে দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। এ সময় সীমান্তের কাছাকাছি বিএসএফ সদস্যদের টর্চলাইট জ্বালানোর চেষ্টা চালাতে এবং বেশ কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়। গ্রামবাসীরা সম্মিলিতভাবে তীব্র প্রতিবাদ জানালে এবং বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিলে বিএসএফ সদস্যরা পুনরায় লাইট জ্বালাতে বাধ্য হয়।
এলাকার বাসিন্দা কবির হোসেন, বোরহান উদ্দিন ও মনছুর আলী অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময় থেকেই ভারতে অবস্থানরত বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ’ আখ্যা দিয়ে ধারাবাহিকভাবে বাংলাদেশে পুশইন করানোর চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডে সীমান্তসংলগ্ন এলাকায় বসবাসরত মানুষের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা আরও জানান, বিএসএফের এই আগ্রাসী তৎপরতা প্রতিহত করতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণও সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও সীমান্ত নিরাপত্তা জোরদারকরণ প্রসঙ্গে বিজিবি সূত্র জানিয়েছে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত পয়েন্টে বিজিবির টহল কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। দিন-রাত সার্বক্ষণিক সতর্কতার মাধ্যমে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা নিরাপত্তা বিঘ্নকারী তৎপরতা কঠোরভাবে প্রতিরোধ করা হচ্ছে। এছাড়া চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিয়মিত তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে দায়িত্বরত জওয়ানরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিএসএফের যেকোনো ধরনের পুশইন অপচেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়ে তারা জানায়, সীমান্তের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে তারা প্রস্তুত রয়েছে। কোনো অবস্থাতেই এ ধরনের অবৈধ অপচেষ্টাকে সফল হতে দেওয়া হবে না।

























