বান্দরবান রেড ক্রিসেন্টের নতুন কমিটি: ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ, সেক্রেটারি দৌলতুল কবির
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) বান্দরবান ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মুজিবুর রশিদ এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দৌলতুল কবির খান সিদ্দিকী।

মঙ্গলবার (১০ নভেম্বর) বান্দরবানের মেঘলাস্থ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস, নির্বাচন কমিশনার মোমেন চৌধুরী ও মো. মুছা এবং নির্বাচন কমিশন সচিব ও ইউনিট অফিসার আসশাদুল হায়দার চৌধুরীর পরিচালনায় নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, সাবিকুর রহমান, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, উম্মে কুলসুম সুলতানা লিনা ও সাংবাদিক মো. আবুল বাশার নয়ন।
নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস বলেন, নবনির্বাচিত কমিটির সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জেলার সাতটি উপজেলার ৩৪টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও জোরদার করা।
নবনির্বাচিত সেক্রেটারি দৌলতুল কবির খান সিদ্দিকী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আজীবন সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউনিট অফিসার জানান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্য পদে একটি মাত্র পূর্ণাঙ্গ প্যানেল জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ১ হাজার ১৪৮ জন সদস্যের কাছে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছিল। পাশাপাশি স্থানীয় তিনটি পত্রিকায় নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়।

























