কর্তব্যের পথে থামলো জীবন – আলীকদমে বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত
বান্দরবানের আলীকদমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলীকদম থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সাজু চক্রবর্তী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার শিবাতলী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলীকদমমুখী সবুজ রঙের হিনো যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা চট্ট মেট্রো-ল ১৫-৮৯৮৪ নম্বরের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাজু চক্রবর্তী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।























