বেরোবিতে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের গ্যালারি রুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম হলো অ্যাক্রিডিটেশন অর্জনের মূল ভিত্তি, আর অ্যাক্রিডিটেশন হলো সেই ভিত্তির ওপর নির্মিত আনুষ্ঠানিক স্বীকৃতি। ওবিই-কে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে শ্রেণিকক্ষে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি আগামী ১৯তম ব্যাচ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে পূর্ণাঙ্গভাবে ওবিই কারিকুলাম চালুর পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে প্রোগ্রাম লার্নিং আউটকাম (পিএলও) চূড়ান্তকরণ, কোর্স লার্নিং আউটকাম (সিএলও)-পিএলও ম্যাপিং সম্পন্ন এবং অন্তত একটি সেমিস্টারের পূর্ণাঙ্গ প্রমাণাদি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অ্যাক্রিডিটেশন অর্জনের এই যাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন উপাচার্য।
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু লায়েক। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির (পিএসএসি) সদস্যবৃৃৃন্দ অংশগ্রহণ করেন।
























