ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ২,৬৪৫, আহত ১২ হাজারের বেশি
উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন। দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় শুক্রবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। এছাড়া কারাকাস সরকার প্রায় ৩০ হাজার কর্মী মোতায়েন করেছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত মোট ৮৯০টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে।
এর মধ্যে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি সান ফিলিপ শহরের ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।
সূত্র: আনাদলু এজেন্সি


























