ডিএমপির অভিযানে রাজধানীতে ৪০৬ জন গ্রেফতার, ৫০ মামলা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি সূত্রে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৬ জন, ওয়ারীতে ৩১ জন, মতিঝিলে ৪৫ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৩২ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা ও জানালায় ব্যবহৃত বিভিন্ন আকারের ১৫টি পুরোনো অ্যালুমিনিয়াম ফ্রেম, একটি ছুরি, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






















