গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাকিব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব ওই গ্রামের এরশাদুল হক লিটনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ৩টার দিকে বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার করেন।
শজিমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
























