করাচিতে সিন্ধু রেঞ্জার্স সদর দপ্তরে সশস্ত্র হামলা, নিহত ৭
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদর দপ্তরে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তাকর্মী এবং চারজন হামলাকারী রয়েছেন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় করাচির পূর্বাঞ্চলের গুলিস্তান-ই-জওহর এলাকায় অবস্থিত সিন্ধু রেঞ্জার্সের সদর দপ্তরে এ হামলার ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে সদর দপ্তরের প্রধান ফটকে আঘাত হানে। এরপর ভারী অস্ত্রে সজ্জিত কয়েকজন হামলাকারী ভেতরে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। তবে গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে চলা নিরাপত্তা বাহিনীর অভিযানে চার হামলাকারী নিহত হয়। তবে এ সময় প্রাণ হারান তিনজন নিরাপত্তাকর্মীও। পরে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স এবং সিন্ধু রেঞ্জার্সের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। পাশাপাশি হামলায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা জানতে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে বিস্ফোরণ ও গোলাগুলির বিষয়ে দ্রুত বিস্তারিত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য ও এর পেছনের পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



























