২০২২ বিশ্বকাপ সম্প্রচার স্বত্বে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শেষে দুদকে পাঠানো হবে: তথ্যমন্ত্রী
বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।
রোববার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ফিফার কাছ থেকে ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে কেনা হলেও, মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনা ছিল বিশ্বকাপ সম্প্রচারে জনগণের অর্থ ব্যয় না করে বিকল্প উপায়ে আয়োজন সম্পন্ন করা। সেই নির্দেশনা অনুসারে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে কেনা হয় এবং দেশের চারটি গণমাধ্যমে সফলভাবে খেলা সম্প্রচার করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, পুরো আয়োজন শেষে সর্বোচ্চ ৩ থেকে ৪ কোটি টাকার ঘাটতি থাকতে পারে, যা বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে পূরণ হয়ে যাবে। ফলে সরকারি তহবিল থেকে কার্যত কোনো অর্থ ব্যয় হয়নি।
২০২২ সালের সম্প্রচার স্বত্ব সংক্রান্ত অনিয়মের বিষয়ে তিনি বলেন, বিটিভির মাধ্যমে সংঘটিত অভিযোগের বিভাগীয় তদন্ত শেষ হলে প্রতিবেদন আইনি পর্যালোচনার জন্য দুদকে পাঠানো হবে। এ বিষয়ে আইন তার নিজস্ব গতিতেই চলবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।























