নওগাঁর পোরশায় ১৬৯ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬৯ গ্রাম শুকনো গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম তাঁতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির সময় মো. আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রাজ্জাক বড়গ্রাম (তাঁতিপাড়া) গ্রামের মৃত কিনা মন্ডলের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো মোট ১৬৯ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৭৬০ টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।























