ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং মারাত্মক রোগগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ বা ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করবে সরকার।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। এর ৮০ শতাংশই থাকবেন নারী। এসব নারী স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতন করবেন এবং কীভাবে প্রাথমিক পর্যায়ে পরীক্ষা করা যায়, সে বিষয়ে ধারণা দেবেন। এর মাধ্যমে রোগ দ্রুত শনাক্ত করে সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীরা বিশেষ সরঞ্জাম নিয়ে বাড়ি বাড়ি যাবেন। সেখানে রক্তচাপ, ওজন, ডায়াবেটিস ও লিপিড প্রোফাইলসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ থাকবে। এতে ঘরে বসেই মানুষের প্রাথমিক স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করা সম্ভব হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সুস্থ থাকতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত হলো জনসচেতনতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেশে সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্মদানের হার বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর ফলে অনেক ক্ষেত্রে জন্মের পর শিশুকে মায়ের শালদুধ খাওয়ানো হচ্ছে না। মায়েদের কর্মব্যস্ততা, অবহেলা ও পরিবর্তিত জীবনযাত্রার কারণে শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর হারও কমে যাচ্ছে। এতে শিশুরা অপুষ্টির ঝুঁকিতে পড়ছে।
তিনি বলেন, শিশুর সুস্থ বিকাশের জন্য জন্মের পরপরই মায়ের শালদুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে পরিবার ও সমাজে আরও সচেতনতা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


























