সাবেক স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে ডাকাতি ও ব্ল্যাকমেইল, সাজাপ্রাপ্ত আসামি হাবিবুল্লাহ অধরা
“আমি বাঁচতে চাই, আমাকে যেকোনো সময় ওরা মেরে ফেলব” আকুল কণ্ঠে এমন চরম জীবনশঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ ফারজানা আক্তার মীম (২০)। সাবেক স্বামী ও সাজাপ্রাপ্ত সন্ত্রাসী মোঃ হাবিবুল্লাহ শেখ অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় ডাকাতি, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ, ছবি-ভিডিও ছড়িয়ে সাইবার ব্ল্যাকমেইল এবং ধারাবাহিক প্রাণনাশের হুমকির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের ফকিরহাটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ভুক্তভোগী মীম। অভিযুক্ত হাবিবুল্লাহ শেখ চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের কালশিরা, বারশিয়া এলাকার মোঃ আলী শেখের ছেলে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মীম জানান, সাবেক স্বামী হাবিবুল্লাহ তাকে অনৈতিক ‘হানি ট্র্যাপ’ ব্যবসায় নামানোর চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। এতে সাংসরিক ঝগড়া-বিবাদ সৃষ্টি হলে বিগত ১ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তাকে পারিবারিক ভাবে বিবাহ দেওয়া হয়, সেখানে নতুন সংসার শুরু করলে গত ২৯ আগস্ট হাবিবুল্লাহর নেতৃত্বে ১৭-১৮ জনের সশস্ত্র দল তার খুলনার বাসায় ঢুকে পড়ে। সন্ত্রাসীরা মীম ও তার বর্তমান স্বামীকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ২ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা লুট , ৩টি ব্ল্যাংক স্ট্যাম্পে সই নেয় এবং আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে। পরে অর্থ না দেওয়ায় সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়।
এছাড়া, ব্যবসার কথা বলে মীমের মায়ের মাধ্যমে এনজিও থেকে নেওয়া ৭ লাখ টাকা ফেরত চাওয়ায় তাদের স্ব-পরিবারে হত্যার হুমকি দিচ্ছে হাবিবুল্লাহ। ভুক্তভোগী জানান, একাধিক মামলায় পরোয়ানা ও আদালতের সাজা সত্ত্বেও হাবিবুল্লাহ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলন থেকে আসামিদের দ্রুত গ্রেফতার ও জীবনের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

























