জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কারে এগিয়ে এলেন কামরুজ্জামান আলতাফ
সন্দ্বীপের আজিমপুর-রহমতপুর এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা সংস্কারে ব্যক্তিগত অর্থায়নে এগিয়ে এসেছেন কামরুজ্জামান আলতাফ।
স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি নিজ উদ্যোগে এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে আসছেন তিনি।
কামরুজ্জামান আলতাফ মরহুম হাজী আব্দুল হান্নান মেম্বারের পরিবারের সদস্য। তিনি আজিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন রিপনের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিমপুর ও রহমতপুর এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে কামরুজ্জামান আলতাফ ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসেন।
এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই তিনি বিভিন্ন সময় এলাকার মানুষের সমস্যা সমাধান এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।




















