গঙ্গাচড়ায় গৃহবধূ সুখী মনি হত্যা: আসামি গ্রেফতারে গড়িমসি ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, সড়ক অবরোধ
রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের জন্য গৃহবধূ মোছাঃ সুখী মনিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এবং বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে ‘নিহতের পরিবারবর্গ’-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের মা রওশরা বেগমসহ স্বজন ও এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনের কারণে গঙ্গাচড়া-রংপুর আঞ্চলিক সড়কে সর্বপ্রকার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুখী মনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। গত ১১ সেপ্টেম্বর রাতে তাঁকে হত্যা করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করেনি। মামলা গ্রহণে পুলিশের গড়িমসির প্রতিবাদে গত শনিবার রাতে গঙ্গাচড়া মডেল থানায় অবস্থান নিয়ে স্থানীয়রা ‘ভুয়া ভুয়া ওসি’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রায় ২৪ ঘণ্টা পর গভীর রাতে মামলা (মামলা নং-১৬, তারিখ: ১২/০৯/২০২৬) নথিভুক্ত করা হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, ঘটনার পর দিন গড়ালেও মামলার প্রধান আসামি স্বামী মো. শামীম মিয়াসহ ৯ আসামির কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) অজয়ের বিরুদ্ধে আসামিপক্ষকে আড়াল করা ও স্বজনপ্রীতির মাধ্যমে তদন্তে নিষ্ক্রিয়তা বজায় রাখার গুরুতর অভিযোগ তোলেন নিহতের স্বজনেরা।
মানববন্ধন চলাকালে সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা সূত্রে জানানো হয়, আসামিদের গ্রেফতার ও মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করতে অভিযান অব্যাহত রয়েছে।


























