চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় পটিয়ায় কমলমুন্সির হাটে দুমড়ে-মুচড়ে গেল পিকআপ
চট্টগ্রামের পটিয়ায় কমল মুন্সির হাট বাজার সংলগ্ন চক্রশালা রেল স্টেশন এলাকায় যাত্রীবাহী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে একটি মিনি কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির ১২ নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে পটিয়া উপজেলার কমল মুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি পটিয়ার চক্রশালা রেল স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের একেবারে গা ঘেঁষে একটি মিনি কাভার্ড ভ্যান অবস্থান করছিল। ট্রেনটি কাছে চলে এলে কাভার্ড ভ্যানটির সঙ্গে জোরালো সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনের সঙ্গে কাভার্ড ভ্যানটি আটকে যায়। ট্রেনটি কাভার্ড ভ্যানটিকে টেনেহিঁচড়ে কমল মুন্সির হাট আনসার ক্যাম্প সংলগ্ন মল্লাপাড়া এলাকা পর্যন্ত নিয়ে থামে। এ সময় বিকট শব্দে ট্রেনের ১২ নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলেই আটকা পড়ে আছে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী (রিলিপ) ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


























