ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি কামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম. মমতাজ আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার আমির সেলিম উল্লাহ জিহাদি, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি, ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন ও সদস্য সচিব বেলাল উদ্দিন বেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঈদগাঁও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চারতলা একাডেমিক ভবন নির্মাণের ফলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জিয়া উল হক জিয়া।






















