বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১টি কম্বল, ১ কেজি কিসমিস ও ৫টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
সীমান্তে চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
























