রাশিয়ার নিম্নকক্ষ স্টেট দুমা নির্বাচনে পুতিনের দলের বড় জয়
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্যসমাপ্ত নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে দলটি ৪৫০ আসনের মধ্যে ৩৫০টিতে জয় পেয়েছে।
১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী স্টেট দুমার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করে রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন।
কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন। গণনা করা ভোটের ৫৮ শতাংশেরও বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি।
২০০১ সালের নির্বাচনে জয় দিয়ে স্টেট দুমায় নিজেদের প্রভাব প্রতিষ্ঠার পর গত ২৫ বছর ধরে ক্ষমতাসীন রয়েছে পুতিনের দল। প্রতি পাঁচ বছর পর দুমার নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৫ বছরে অনুষ্ঠিত আগের চারটি নির্বাচনেও ইউনাইটেড রাশিয়া পার্টি জয় পেয়েছিল। তবে এবারের মতো বড় ব্যবধানে জয় বা এত বেশি ভোটপ্রাপ্তি আগে দেখা যায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কোর মতে, প্রায় ৬০ শতাংশ ভোটারের অংশগ্রহণ এবং নির্বাচনের ফলাফলকে মস্কো ইউক্রেন যুদ্ধসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতি জনসমর্থনের ইঙ্গিত হিসেবে দেখবে এবং এর মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করবে।



























