বালিয়াডাঙ্গীতে আগুনে নিঃস্ব পরিবার, পুড়ে মরল ৫ ছাগল
রাতের আঁধারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ বিশ্রামপুর গ্রামের মো. তবিবর রহমানের একমাত্র বসতঘর। আগুনের ভয়াবহতায় পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। দগ্ধ হয়েছে তিনটি গরু। আগুন নেভানোর সময় বাড়ির মালিক তবিবর রহমানও দগ্ধ হন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার হলদিবাড়ীহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিবারের বসবাসের একমাত্র ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। ঘরের পাশাপাশি গবাদিপশুও আগুনের কবলে পড়ে। এতে পরিবারের শেষ সম্বলও অনেকটা ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, গবাদিপশুগুলোই ছিল তবিবর রহমানের পরিবারের অন্যতম আয়ের উৎস। আগুনে ঘরবাড়ির পাশাপাশি পশু হারিয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরিবারটি।
তবিবর রহমানের এক ছেলে ও এক মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে। রয়েছে আরও একটি ছোট সন্তান। থাকার ঘর হারানোর পাশাপাশি পরিবারের উপার্জনের অবলম্বন নষ্ট হওয়ায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
স্থানীয়দের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি সহায়তায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
পরিবারটিকে সহযোগিতা করতে তবিবর রহমানের বড় ভাই মো. রফিকুল ইসলাম-এর সঙ্গে ০১৭৩৭-১৬৯২২৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ০১৭৮২-১৮৩০২৫ নম্বরেও যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যাবে।
























