বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের সহযোগিতায় দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের ইসলামপুর (হরিগাড়ি) এলাকায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ট্রেনিং সেন্টারে এ চক্ষু শিবিরের আয়োজন করে। চক্ষু শিবিরের ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামসু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, সড়ক সম্পাদক জিয়া রহমান, মনিরুজ্জামান মনির, আসলাম, আলিম, আপেল, হানিফ ও স্বপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ চক্ষু শিবিরে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ও চালকদের পাশাপাশি এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, পরিবহন শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষের চোখের সুরক্ষা, বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সামাজিক দায়বদ্ধতা থেকেই এ মানবসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
























