বদলে যাওয়া নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: গতিশীল নেতৃত্বের ছোঁয়ায় নতুন দিগন্ত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামগ্রিক চিত্রে এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে ডা. সুজন সাহা দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালটির সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলায় পরিলক্ষিত হচ্ছে অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন। তার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গ্রামীণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে মানসম্মত স্বাস্থ্যসেবা।
হাসপাতাল সূত্রে জানা যায়, দায়িত্ব নেওয়ার পর থেকেই সেবাদানে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে নিরলস কাজ করছেন ডা. সুজন সাহা। তিনি নিয়মিত তদারকির মাধ্যমে কর্মস্থলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করেছেন। তৈরি হয়েছে রোগীদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল সেবার নতুন পরিবেশ। ফলে জরুরি বিভাগ, বহির্বিভাগ (OPD) এবং আন্তঃবিভাগে (IPD) সেবাগ্রহীতাদের উপস্থিতি ও সন্তুষ্টি বহুগুণ বেড়েছে।
মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওপেন এসআরপি (OpenSRP)’ এবং স্বাস্থ্য বিভাগের পাইলট প্রকল্প ‘ভারবাল অটোপসি’ বাস্তবায়নে জেলাজুড়ে সুনাম কুড়াচ্ছে নাগেশ্বরী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের নিবিড় তদারকিতে স্বাস্থ্য সহকারীরা এসব কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিচ্ছেন।
এছাড়াও, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, হাম-রুবেলা টিকাদান এবং স্কুলভিত্তিক টিসিভি ও এইচপিভি টিকার মতো প্রতিরোধমূলক কর্মসূচির নিখুঁত বাস্তবায়নে উপজেলাটি প্রশংসনীয় সাফল্য দেখিয়েছে। সম্প্রতি জরায়ুমুখ পরীক্ষার জাতীয় কর্মসূচিতে কুড়িগ্রাম জেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলার ৪৯টি কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শতভাগ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির ফলে প্রান্তিক জনগোষ্ঠী নিজ এলাকাতেই নির্ভরযোগ্য সেবা পাচ্ছে।
পরিচ্ছন্ন পরিবেশ ও ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ। একটি চিকিৎসাবান্ধব পরিবেশ তৈরিতে পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। একই সাথে নিশ্চিত করা হয়েছে প্রয়োজনীয় ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ। রোগীদের কথা ধৈর্য ধরে শোনা এবং দ্রুত সমস্যার সমাধান করার মানসিকতার কারণে স্থানীয়দের কাছে ডা. সুজন সাহা ইতিমধ্যে এক আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।
দুর্গম চরাঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা জোসনা, পারুল, কাদের ও মজিদ নামের একাধিক রোগী সেবার মানে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, আগে কাঙ্ক্ষিত সময়ে চিকিৎসকদের দেখা মেলা কঠিন ছিল। কিন্তু বর্তমানে নিয়মিত চিকিৎসক ও নার্সদের সেবা পাওয়ার পাশাপাশি হাসপাতাল থেকেই প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে মিলছে।
এই স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের জন্য একটি বিশ্বস্ত, আধুনিক ও মডেল সেবাকেন্দ্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষ যাতে গুণগত সেবা পান, সে লক্ষ্যে পুরো টিম একযোগে কাজ করছি। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা দ্রুতই এই লক্ষ্য অর্জনে সফল হব।”
— ডা. সুজন সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নাগেশ্বরী।
























