ফকিরহাটে মাদ্রাসায় মাদকবিরোধী টিম গঠন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থী ও যুব সমাজকে রক্ষায় মাদকবিরোধী টিম গঠন করেছে বাগেরহাটের ফকিরহাটের হযরত আমির হামজা (রাঃ) দাখিল মাদ্রাসা। টিম গঠন উপলক্ষে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ মোজাফফর হোসাইন। এতে উপস্থিত ছিলেন সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক মাওলানা মোঃ আবু সাঈদ, শেখ রেজাউল করিম, শেখ আনসার আলী ও মোঃ কামরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
সমাবেশে সভাপতির বক্তব্যে মোজাফফর হোসাইন বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদকমুক্ত রাখতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদ্রাসায় মাদকবিরোধী টিম গঠনের মাধ্যমে আমরা সেই কাজটিই শুরু করলাম।” তিনি অভিভাবকদের সন্তানের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কার্যক্রমের প্রতি সতর্ক নজর রাখার আহ্বান জানান।
এছাড়াও অন্যান্ন বক্তারা মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপন, খেলাধুলা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত থাকার পরামর্শ দেন। তাঁরা বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তিকে নয়, গোটা পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী টিম গঠনের কথা জানানো হয়। টিমের সদস্যরা মাদ্রাসা ও আশপাশের এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে ভূমিকা রাখবেন। শিক্ষার্থীদের আচরণ ও উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং কোনো অস্বাভাবিকতা দেখা দিলে অভিভাবকদের দ্রুত অবহিত করার বিষয়েও সিদ্ধান্ত হয়।
অভিভাবকরাও সমাবেশে মাদকবিরোধী কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে সবাই সম্মিলিত শপথ গ্রহণ করেন।


























