শার্শায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানে পুলিশের কড়া বার্তা
যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) চঞ্চল কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার সোহাগ হোসেন রাড়ীপুকুর (স্কুলপাড়া) এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক বলেন, “শার্শা উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারি কিংবা মাদক বহনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।”
তিনি আরও বলেন, “শার্শাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদকের কারবার বা সরবরাহের তথ্য পাওয়া গেলে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।”

























