সৌদি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুথিদের
সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে গুরুত্বপূর্ণ একটি তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
রোববার (৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা।
তবে শোধনাগারে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, তাদের চালানো হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত এলাকায়, বিশেষ করে রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইয়াহিয়া সারি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি বাহিনী প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে।
তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।


























