বেনাপোলে তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামি
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিন আওয়ামী লীগ নেতা এবং আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে রোববার (৫ অক্টোবর) আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মহিষাডাঙ্গা গ্রামের ওবায়দুর রহমান, ছোট আঁচড়া গ্রামের ওসমান গনি, শাখারীপোতা গ্রামের কাসেম আলী ও ভবারবেড় গ্রামের মোবারক হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ওবায়দুর রহমান, ওসমান গনি ও কাসেম আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতা এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। অপরদিকে মোবারক হোসেন ওয়ারেন্টভুক্ত আসামি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ হোসেন বলেন, “মামলার আসামি কিংবা ওয়ারেন্টভুক্ত আসামি—পরিচয় যাই হোক, আইনের চোখে সবাই সমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “যাদের বিরুদ্ধে মামলা ও আদালতের ওয়ারেন্ট রয়েছে, তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা পুলিশের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।


























