মুরাদনগরে ৪৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুরাদনগর উত্তরপাড়া এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের রবি টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল হোসেন মুরাদনগর উত্তরপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মুরাদনগর উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রুবেল হোসেনকে আটক করে তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত রুবেল হোসেনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


























